
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ছাড়া তাদের সন্তানদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুদক-এর প্রধান কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক-এর মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি বলেন, শামীম ওসমান সংসদ সদস্য থাকাকালে নিজের অর্পিত ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
অন্যদিকে, সালমা ওসমান জ্ঞাত আয়ের উৎস ব্যতিরেকে ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকা সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। তার নামে থাকা ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৪৬ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৩১ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে তাদের দুই জনের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া শামীম ওসমান ও সালমা ওসমানের পুত্র ইমতিনান ওসমান ও কন্যা লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ায়, তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ জারি করেছে দুদক।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত