রাজশাহীর রাজপাড়া থানার আলিগঞ্জ পূর্বপাড়ায় বুধবার সন্ধ্যায় ছুরিকাঘাতে আব্দুস সাত্তারের ছেলে শান্ত হত্যা মামলায় মূল আসামি রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরএমপি’র সিটিটিসি, ডিবি ও রাজপাড়া থানা পুলিশের সমন্বিত টিম বৃহস্পতিবার ভোরে বাঘা উপজেলার নারায়ণপুর গ্রাম থেকে তাকে আটক করে। অন্যান্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।বৃহস্পতিবার দুপুরে রাজপাড়া থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আরএমপির সিটিটিসি ও মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান জানান, দাদন ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে শান্তকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন রিপন, নয়নসহ আরও কয়েকজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রিপন হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। নিহতের বাবা আব্দুস সাত্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। রিপনকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরএমপি বোয়ালিয়া জোনের ডিসি মীর মোহাম্মদ সাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার রিয়াজুল ইসলাম এবং রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মেঃ আবদুল মালেক।চলমান অভিযানে বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার প্রত্যয় জানিয়েছে পুলিশ।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত