২৪ ঘণ্টার মধ্যে শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে এসে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই দাবি জানান তিনি।ডাকসু ভিপি বলেন, সারা দেশবাসী ওসমান হাদির জন্য দোয়া করছে। আজকে আমি ঢাকার বাইরে ছিলাম। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রওনা দিয়েছি। সেই সময় মনে হয়েছিল, আমরা সবাই গুলিবিদ্ধ হয়েছি, আজকে পুরো জাতি গুলিবিদ্ধ হয়েছে। সব মানুষ ওসমান হাদির জন্য দোয়া করছে। আমরা আশা করি, আল্লাহ তা’য়ালা অবশ্যই আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, ইনসাফের প্রতীক শরিফ ওসমান বিন হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন।সাদিক কায়েম বলেন, আমরা ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছি, তারা আল্লাহর কাছে দোয়া করছেন। মানসিকভাবে তারা স্টাবল আছেন। ইনশাআল্লাহ, দেশের ১৮ কোটি মানুষের দোয়া ওসমান হাদি আমাদের মাঝে ফিরে আসবেন।অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই- জুলাই বিপ্লব-পরবর্তী দেড় বছরে অপরাধীরা যারা আছে, খুনি হাসিনা ও তার দোসররা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা কীভাবে স্বাধীন বাংলাদেশে এভাবে আমার ভাইকে গুলি করতে পারে। এই অপরাধীরা কীভাবে জামিনে মুক্তি পায়?হুঁশিয়ারি উচ্চারণ করে ডাকসু ভিপি বলেন, আজকে অন্তর্বর্তী সরকারের উদাসীনতার কারণে এই ধরনের গণহত্যাকারী, শিশু হত্যাকারী এবং গত ১৬ বছরে যারা গুম, খুন-আয়নাঘর তৈরি করেছে, তারা আবার নতুনভাবে চক্রান্ত করার সুযোগ পাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, এই স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনা ও তার দোসরদের ঠিকানা হবে না। এই দেশে শুধু বাংলাদেশপন্থিরাই রাজনীতি করবে। স্বাধীন বাংলাদেশে দিল্লির এজেন্ডা আর বাস্তবায়ন চলবে না।সাদিক কায়েম বলেন, আমি সবাইকে আহ্বান করব বাংলাদেশপন্থি যারা আছে ছাত্রদল, ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠন এবং জামায়াত-বিএনপিসহ যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শেখ হাসিনাসহ যারা ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বিচারের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারী সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।তিনি বলেন, জুলাই প্রজন্ম কাউকে ভয় পায় না। এখনই সময় জাতীয় ঐক্যের। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, খুনি হাসিনাকে দেশে এনে তার রায় কার্যকর করুন। সরকারের দায়িত্ব হাদি ভাইয়ের খুনিদের দ্রুত গ্রেপ্তার করা।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত