আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিহত করার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঢাকা-১১ আসনে এসব অপশক্তির কোনো স্থান থাকবে না। ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর ভাটারার বাঁশতলা এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত গণমিছিলের আগে অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছে, তাদের সে চিন্তা পরিত্যাগ করা উচিত। আমরা প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেব এবং জনগণের রায়ের মাধ্যমে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরব। অতীতে গুলি উপেক্ষা করেও আন্দোলনে পিছু হটিনি, এবারও ভোটকেন্দ্র থেকে পিছু হটার প্রশ্ন নেই।
নাহিদ ইসলাম বলেন, একটি ফ্যাসিবাদকে সরিয়ে আরেকটি ফ্যাসিবাদ কায়েম করার জন্য গণঅভ্যুত্থান হয়নি। ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই বহু মানুষ জীবন দিয়েছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে এনসিপি অঙ্গীকারবদ্ধ।
ঢাকা-১১ আসনের সমস্যা তুলে ধরে তিনি বলেন, এ এলাকা দীর্ঘদিন ধরে যানজট, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার মতো সংকটে জর্জরিত। সরকার গঠনের সুযোগ পেলে এসব অনিয়মের অবসান ঘটিয়ে এলাকাকে বাসযোগ্য করে তোলা হবে।
সমাবেশ থেকে তিনি সারা দেশে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার পাশাপাশি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি আরও বলেন, এবারের নির্বাচনে জনগণ নিজেরাই ভোটকেন্দ্র পাহারা দেবে এবং প্রকৃত প্রতিনিধিকে নির্বাচিত করবে। পরিবারতন্ত্র, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে ‘না’ এবং ইনসাফ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্রের পক্ষে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভোটের দিন ভোটারদের কেন্দ্রে উপস্থিত করা এবং নির্বাচনের আগ পর্যন্ত ঘরে ঘরে মানুষের আস্থা অর্জনে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন এনসিপি আহ্বায়ক।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত