আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন ও ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নিজ নিজ নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট অথবা রিটার্নিং অফিসারের কাছে যোগদান কিংবা রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ প্রশাসনিক এলাকায় এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করবেন। প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার বিস্তারিত তথ্য নির্ধারিত ফরম্যাটে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে অবহিত করতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই নিয়োগ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটগ্রহণকালে আইনশৃঙ্খলা রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত