তরুণ সমাজের হাতে বেকার ভাতা নয়, সম্মানজনক কর্মসংস্থান তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, তরুণদের বেকার ভাতা দেওয়া অমর্যাদাকর ও মানহানিকর; বরং তাদের প্রশিক্ষিত করে দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ সৃষ্টি করাই রাষ্ট্রের দায়িত্ব।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে নারী সমাজের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে। নারী নির্যাতন বন্ধ, নারী শিক্ষার প্রসার, কর্মক্ষেত্রে নিরাপদ ও উপযোগী পরিবেশ সৃষ্টি এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নারীরা সমাজের বোঝা নয়; বরং তারা জাতির সম্পদ ও শক্তি-এ বিশ্বাস থেকেই তাদের আগ্রহ ও সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা হবে।
তিনি আরও বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক, সন্ত্রাস কিংবা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে রাষ্ট্র পরিচালনার মূল ধারায় সম্পৃক্ত করা হবে। তরুণ ও শিক্ষার্থীদের নেতৃত্বগুণে গড়ে তুলে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রস্তুত করা হবে।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। এ জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং জেলা প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি সবার জন্য সমানভাবে কার্যকর করার দাবি তোলেন।
তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে জামায়াতের ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়া, ছিঁড়ে ফেলা ও অপসারণের ঘটনা ঘটছে। দাঁড়িপাল্লা প্রতীকে আগুন দেওয়া চাঁপাইনবাবগঞ্জবাসীর অনুভূতিতে আঘাত করার শামিল বলে মন্তব্য করেন তিনি। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার প্রতি আহ্বান জানান নূরুল ইসলাম বুলবুল।
এ সময় তিনি ঢাকা-১৫ আসনে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, হামলা-মামলার মাধ্যমে সংঘাত সৃষ্টি করে নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র জনগণ কখনোই মেনে নেবে না।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিমসহ দলীয় নেতৃবৃন্দ।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত