প্রিন্ট এর তারিখঃ মার্চ ১, ২০২৬, ১১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১২:৪৯ এ.এম
শিক্ষক সংকটে স্থবির রায়পুর সরকারি কলেজ, ব্যাহত শিক্ষা ও প্রশাসন
রায়পুর সরকারি কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষক ও তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী সংকট চরম আকার ধারণ করেছে। এতে পাঠদান, পরীক্ষার প্রস্তুতি, অফিস কার্যক্রম ও শিক্ষার্থী সেবায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। সরকারি জনবল কাঠামো থাকা সত্ত্বেও বহু পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে থাকায় কলেজটির শিক্ষা কার্যক্রম কার্যত ঝুঁকির মুখে পড়েছে। শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
কলেজের বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় সংখ্যক অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নেই। বিশেষ করে রসায়ন ও উদ্ভিদবিদ্যা বিভাগে অধ্যাপক পদ শূন্য রয়েছে। এছাড়া অন্যান্য বিভাগেও পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত্রে একজন শিক্ষককে একাধিক বিভাগ বা শ্রেণিতে পাঠদান করতে হচ্ছে, ফলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
শুধু শিক্ষক নয়, প্রশাসনিক ও সহায়ক জনবলেও বড় ধরনের সংকট রয়েছে। অফিস সহকারী, অফিস সহায়ক (এমএলএসএস), অফিস সহায়কসহ বিভিন্ন পদ শূন্য রয়েছে।
নিরাপত্তা প্রহরীর পদেও সংকট দেখা দিয়েছে, যা কলেজের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে তুলছে।
জানা গেছে,রসায়ন ও উদ্ভিদবিদ্যা বিভাগে অধ্যাপক পদ শূন্য রয়েছে। অফিস সহকারী ও অফিস সহায়ক পদও শূন্য। এমএলএসএস (চতুর্থ শ্রেণি) কর্মচারীর ঘাটতি
নিরাপত্তা প্রহরী পদেও রয়েছে জনবল সংকট।
কলেজের শিক্ষার্থীরা শিক্ষক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
শিক্ষার্থীরা বলছেন “আমাদের অনেক বিষয়ে নিয়মিত ক্লাস হয় না। সিলেবাস শেষ করতে পারছি না। পরীক্ষার আগে কোচিং বা প্রাইভেট টিউটরের ওপর নির্ভর করতে হচ্ছে। শিক্ষক কম থাকায় ক্লাস রুটিন ঠিকমতো হয় না। অনেক সময় একটি ক্লাসে ২০০-৩০০ শিক্ষার্থী থাকে, ফলে বুঝতে সমস্যা হয়। অফিসেও যেকোনো কাজ করাতে গেলে অনেক সময় লাগে। জনবল কম থাকায় সনদ, রেজাল্ট ও অন্যান্য কাগজ পেতে দেরি হয়।”
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোঃ আবুল বাসার বলেন,
“রায়পুর সরকারি কলেজে শিক্ষক ও জনবল সংকট একটি বড় সমস্যা। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত শূন্য পদগুলো পূরণ করা গেলে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে।”
স্থানীয় শিক্ষাবিদদের মতে, দীর্ঘদিন শিক্ষক ও জনবল সংকট থাকলে শিক্ষার্থীদের ফলাফল ও উচ্চশিক্ষায় প্রস্তুতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে গ্রাম ও মফস্বল এলাকার কলেজগুলোতে শিক্ষক সংকট দীর্ঘস্থায়ী হলে শিক্ষার মান কমে যাওয়ার ঝুঁকি থাকে।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত শিক্ষক ও কর্মচারী নিয়োগের দাবি জানিয়েছেন। তাদের মতে, কলেজটির অবকাঠামো থাকলেও জনবল সংকট থাকায় কাঙ্ক্ষিত শিক্ষা সেবা নিশ্চিত করা যাচ্ছে না।
রায়পুর সরকারি কলেজ এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলেও শিক্ষক ও জনবল সংকটের কারণে এর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত শূন্য পদগুলো পূরণ করা না হলে কলেজটির শিক্ষা মান আরও অবনতির আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত