লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার সন্ধ্যায় রায়পুর উপজেলার গুহা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ইশতেহার উপস্থাপন করেন।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ইশতেহার ঘোষণাকালে আবুল খায়ের ভূঁইয়া বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে লক্ষ্মীপুর-২ আসনের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি দাবি করেন, অতীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি গ্রামীণ অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, সেতু এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
ইশতেহারের প্রধান অঙ্গীকারসমূহ
১. অবকাঠামো ও যোগাযোগ উন্নয়ন
গ্রাম ও পৌর এলাকার সড়ক নির্মাণ ও সংস্কার, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত পুনর্নির্মাণ এবং খাল-বিল ও নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়। ভূমি দখল ও ভূমি বিরোধ নিরসনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়।
২. মাদকমুক্ত সমাজ গঠন
মাদক নির্মূলে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং মাদকাসক্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
৩. শিক্ষা ও যুব উন্নয়ন
শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং তরুণদের জন্য আইটি, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করার অঙ্গীকার করা হয়। স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতে একটি “ডিজিটাল হাব” প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
৪. স্বাস্থ্যসেবা উন্নয়ন
সরকারি হাসপাতাল আধুনিকায়ন, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র শক্তিশালীকরণ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ঘোষণা দেওয়া হয়। দরিদ্র রোগীদের জন্য চিকিৎসা ও ওষুধ সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
৫. নারী ও শিশু নিরাপত্তা
নারীদের নিরাপদ কর্মপরিবেশ, কারিগরি প্রশিক্ষণ ও ক্ষমতায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করা হয়।
৬. দুর্নীতি দমন ও সুশাসন
সরকারি দপ্তরে দুর্নীতি ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে দালাল ও অনিয়ম থেকে মুক্ত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
৭. কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন
স্থানীয় অর্থকরী ফসল, বিশেষ করে সয়াবিন চাষ সম্প্রসারণ, কৃষকদের উন্নত বীজ ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
৮. মেঘনা নদী বন্দর আধুনিকায়ন
মেঘনা নদীর গুরুত্বপূর্ণ নৌবন্দর আধুনিকায়নের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনার কথা জানান তিনি।
৯. পরিবেশ, খেলাধুলা ও বিনোদন
শিশু ও তরুণদের জন্য পার্ক, খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র নির্মাণ এবং পরিবেশবান্ধব রায়পুর গড়ে তোলার অঙ্গীকার করা হয়।
ইশতেহার ঘোষণার শেষে আবুল খায়ের ভূঁইয়া বলেন,
“লক্ষ্মীপুর-২ আসনের মানুষ আমাকে আবারও সুযোগ দিলে আমি একটি আধুনিক, শিক্ষিত ও কর্মসংস্থানমুখী এলাকা গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। জনগণের উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য।”
এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত