দেশে কোনো পাতানো নির্বাচন হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি জানান, সারারাত জেগে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তাঁর ভাষায়, সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং গ্রামাঞ্চলেও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।
ইসি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে উল্লেখ করে তিনি বলেন, “কোনো পাতানো নির্বাচন হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। দেশের মানুষকে পাতানো নির্বাচনের ধারণা ভুলে যেতে হবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে, এই যাত্রা গন্তব্যে পৌঁছাবে।”
এ এম এম নাসির উদ্দিন বলেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা কেন্দ্রের বাইরে ঘটলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে।
এবার ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে। সারাদেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে, যেখানে ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি।
নির্বাচনে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন, যার মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন।
মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২৩২ জন।
জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে বাকি ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ চলছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত