পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়ায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তমালতলা এলাকায় কোম্পানির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক নিম্নআয়ের পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত প্যাকেটে ছিল খেজুর, চিনি, ছোলা, মুড়ি, ডাল, সেমাইসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশীদ, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।

প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ কামরুল ইসলাম জানান, ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস সবসময় মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠানটির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজানে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সময়ে এমন সহায়তা অনেক পরিবারের জন্য স্বস্তি বয়ে আনে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত