রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১২৯ দশমিক ৭ কিলোমিটার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একই সময় ও মাত্রার তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটি ছিল মাঝারি মাত্রার।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ৪৬২ কিলোমিটার। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে কক্সবাজার ও আশপাশের এলাকায় তুলনামূলকভাবে বেশি কম্পন টের পাওয়া গেছে।
ভূমিকম্পের পরপরই অনেকেই আতঙ্কে ভবন থেকে বের হয়ে আসেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত