ইরানে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সংঘাতে জড়িত সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ উদ্বেগ ও আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, চলমান সংঘাত অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বেসামরিক জনগণের নিরাপত্তা ও কল্যাণ হুমকির মুখে পড়বে। তাই উত্তেজনা প্রশমনে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম দেখানোর পাশাপাশি মতপার্থক্য নিরসনে কূটনৈতিক পথে ফেরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
এ ছাড়া বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ অঞ্চলের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাতেও উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে, দ্রুত সময়ের মধ্যে সংঘাতের অবসান ঘটবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে হামলার খবর প্রকাশিত হয়। ইরানের পক্ষ থেকেও পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত