নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা ও জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ১১টি মোবাইল ফোন ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রোববার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কিশোরগঞ্জ উপজেলার মো. আদর আলী (২৪) ও মো. মনিরুজ্জামান সজীব (২৫), জলঢাকা উপজেলার শাহ মোহাম্মদ বুলেট (২৫), মো. রাকিবুল হাসান লাবিব (১৯) ও মো. সিরাজ উদ্দিন (২৩) এবং নীলফামারী সদর উপজেলার মো. হাসান আল ফিরোজ ছোটন (২৪) ও মো. আহসান হাবিব হাসান (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলোতে অনলাইন ভিসা প্রতারণা সংক্রান্ত তথ্য-উপাত্ত পাওয়া গেছে বলে দাবি করেছে ডিবি। এছাড়া কয়েকটি ফোনে অনলাইন জুয়ার অ্যাপ ও বেটিং অ্যাকাউন্ট লগ-ইন অবস্থায় ছিল বলে জানানো হয়।
ডিবি ওসি মো. মতলুবর রহমান বলেন, প্রাথমিক যাচাইয়ে গ্রেপ্তারদের অনলাইন ভিসা প্রতারণা ও জুয়ার সঙ্গে সম্পৃক্ততার সত্যতা মিলেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত