কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক মর্মান্তিক ঘটনায় সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। একই ঘটনায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক কর্মচারী ফজলুর রহমান আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
বুধবার (৪ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বিভাগের সভাপতির কক্ষে তারা অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। প্রথমে তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত ফজলুর রহমানের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত