চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলা গ্রামে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি)র দুই সদস্যের বিরুদ্ধে তিনটি পোষা কুকুরকে লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যক্তিগত সম্পত্তিতে অনধিকার প্রবেশ, প্রাণীর ওপর নিষ্ঠুর হামলা এবং পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী জন কল্লোল সরকার (জয়)।
শুক্রবার (৬ মার্চ) বিকেল আনুমানিক ২টা ৪০ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে গোবরাতলা গ্রামে ভুক্তভোগীর নিজস্ব জমির পাশে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই সময় সিভিল পোশাকে থাকা দুই ব্যক্তি নিজেদের ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের সদস্য হিসেবে পরিচয় দেন। তাদের একজন নিজের নাম উজ্জ্বল বলে জানান। কোনো ধরনের বৈধ কারণ ছাড়াই তারা লাঠি দিয়ে ভুক্তভোগীর তিনটি পোষা কুকুরকে বেধড়ক পিটাতে শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।

এতে একটি কুকুর গুরুতর আহত হয়ে পা ভেঙে যায়। আহত কুকুরটিকে পরে একজন লাইসেন্সধারী ভেটেরিনারি চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকের দেওয়া সনদে শারীরিক আঘাতের কারণে কুকুরটির পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী।
এঘটনায় সুষ্ঠ তদন্তের দাবী জানিয়ে আজ শনিবার ৭ই মার্চ বিজিবি মহাপরিচালক বরাবর একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ, জেলা প্রাণিসম্পদ দপ্তর, বন বিভাগ, বিভিন্ন পরিবেশ ও প্রাণী অধিকার সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীর দাবি, ঘটনাটি তাদের বাড়ির সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ রেকর্ড হয়েছে, যেখানে দেখা যায় কুকুরগুলো বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালানো হয়।
ঘটনার সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা এগিয়ে এসে তাদের থামানোর চেষ্টা করলেও অভিযুক্তরা তা উপেক্ষা করেন এবং আগ্রাসী আচরণ করতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে জন কল্লোল সরকার ঘটনাস্থলে এসে তাদের কাছে কারণ জানতে চাইলে তারা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। বরং নিজেদের বিজিবি সদস্য পরিচয় দিয়ে পরিস্থিতিকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় লোকজন প্রতিবাদ জানালে অভিযুক্তরা ফোন করে আরও কয়েকজন বিজিবি সদস্যকে ঘটনাস্থলে ডেকে আনেন। পরবর্তীতে একজন বিজিবি কর্মকর্তা ঘটনাস্থলে এলেও তিনি অভিযুক্ত সদস্যদের পক্ষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনার ভিডিও ফুটেজও তার কাছে রয়েছে বলে তিনি জানিয়েছেন।
জন কল্লোল সরকার বলেন,
“আমার প্রশ্ন হলো-একজন নাগরিকের ব্যক্তিগত সম্পত্তির ভেতরে ঢুকে বিজিবি সদস্যরা কি পোষা প্রাণীর ওপর এভাবে হামলা চালানোর কোনো আইনি ক্ষমতা রাখেন? কোন আইনের বলে তারা এই কাজ করেছেন?”
তিনি আরও জানান, তার পরিবার বর্তমানে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের নিকটবর্তী গোবরাতলা গ্রামে বসবাস করেন এবং তারা ওই গ্রামের একমাত্র খ্রিস্টান পরিবার হওয়ায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এ ঘটনায় কিছু পরোক্ষ হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি দাবি জানিয়েছেন। সেগুলো হলো—ঘটনার তাৎক্ষণিক ও নিরপেক্ষ তদন্ত,অভিযুক্ত বিজিবি সদস্যদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ,ভবিষ্যতে তার পরিবারকে হয়রানি বা ভয়ভীতি না দেখানোর নিশ্চয়তা,প্রয়োজনে বাংলাদেশ পুলিশের মাধ্যমে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।ভুক্তভোগী জানান, প্রমাণ হিসেবে তিনি সিসিটিভি ফুটেজ, ঘটনার ভিডিও এবং পশু চিকিৎসকের সনদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দিতে প্রস্তুত আছেন।
শনিবার (৭ মার্চ) চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সাথে মোবাইল ফোনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা গ্রামে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি)র সদস্য পরিচয়ে পোষা কুকুর কে পিটিয়ে পা ভাঙার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পোষা কুকুরের মালিকে সাথে কথা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
[video width="848" height="478" mp4="https://dainikodhikar.com/wp-content/uploads/2026/03/WhatsApp-Video-2026-03-06-at-6.03.17-PM.mp4"][/video]
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত