নাটোরের সিংড়া পৌর এলাকায় মাটির নিচে ট্যাংক বসিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ১০ হাজার লিটার তেল মজুদের প্রমাণ পেয়ে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে সিংড়া পৌরসভার নিংগইন এলাকার ভাটোপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিংগইন ভাটোপাড়া এলাকায় বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাংক বসিয়ে গোপনে জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদের বিষয়টি নিশ্চিত হন ভ্রাম্যমাণ আদালত। পরে সততা ট্রেডার্সের মালিক মো. রুবেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে একই দিনে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারেও অভিযান চালানো হয়। সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে জ্বালানি তেল বিক্রির চেষ্টা করছে। এ ধরনের অনিয়ম ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত