রাজশাহীতে চাঁদা দাবির অভিযোগে এক কলেজ শিক্ষককে মারধরের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন শাহ মখদুম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ শিহাব এবং রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দন।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষক আসাদুজ্জামান জুয়েলের দায়ের করা মামলায় শুক্রবার রাতে বোয়ালিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরের শাহ মখদুম কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান জুয়েলের কাছে গত তিন মাস ধরে শিহাব ও চন্দন এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত বছরের ২৬ নভেম্বর তাকে চাকু দেখিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া সর্বশেষ গত ৪ মার্চ রাত ১০টার দিকে কাদিরগঞ্জ এলাকায় নিজ বাসার নিচে একা পেয়ে ওই শিক্ষককে মারধর করা হয় এবং পুনরায় প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতারা। তাদের দাবি, শিক্ষক জুয়েল আওয়ামী লীগের সমর্থক এবং বিভিন্নভাবে দলটির পক্ষে কাজ করেন। তাদের প্রতিবাদের কারণে তিনি তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত