আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে গৌরনদী উপজেলা মহিলা দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসলিমা পারভিনের উদ্যোগে আয়োজিত র্যালিটি গৌরনদী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নারী অধিকার, সমতা ও নারীর ক্ষমতায়নের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালিতে উপজেলা ও পৌর মহিলা দলের নেত্রী আনোয়ারা, ফিরোজা বেগম, সেনওয়ারা বেগম, রানু শরীফ, মিনারা বেগম, রীনা মেম্বার, সুলতানা রহমান, নুপুর আক্তারসহ বিপুল সংখ্যক নারী নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানান।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীর অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, নারীদের ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যেই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ভবিষ্যতেও নারীর উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার রক্ষায় মহিলা দল সক্রিয় ভূমিকা পালন করবে।
আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ গঠনে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত