চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামে কবরস্থানের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা সোমবার (৯ মার্চ) রাতে মাধবখালী গ্রামের পশ্চিমপাড়া ও খাঁপাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে বিবাদের কারণে খাঁপাড়ার মসজিদ ছেড়ে পশ্চিমপাড়ায় নতুন একটি মসজিদ নির্মাণ করা হয়। তবে তাদের কবরস্থান একই। সম্প্রতি কবরস্থানে যাওয়ার রাস্তা তৈরির জন্য খাঁপাড়ার মসজিদের সীমানা প্রাচীর ভাঙা হয়। বিষয়টি নিয়ে ইফতারের পর দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা উত্তেজনায় রূপ নেয় এবং উভয় পক্ষের বাসিন্দারা মারামারিতে জড়িয়ে পড়েন।
আহতদের মধ্যে রয়েছেন খানজাহান আলী (৪৫), লিখন (১৮), আশরাফুল (৪২), রোজিনা, তানজিন (৩২) ও নাজু। আহতদের প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। খারাপ অবস্থার কারণে খানজাহান আলীকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে থানায় কেউ এখনও লিখিত অভিযোগ দায়ের করেনি।
স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি সতর্ক নজরদারিতে রাখছেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত