ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ভয়াবহ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। বিশেষ করে চট্টগ্রাম অভিমুখী লেনে দাউদকান্দি থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় ৩০–৩৫ কিলোমিটার এলাকা স্থবির হয়ে পড়ে।
কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. শাহীনুর আলম জানান, মহাসড়কের সংস্কার কাজে ধীরগতি এবং শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকাল ৮ টায় চান্দিনা ডেনিম গার্মেন্টসের শ্রমিকদের মহাসড়ক অবরোধের মাধ্যমে। তিন মাস বেতন না পাওয়ায় কয়েকশ শ্রমিক হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন এবং আন্দোলন শুরু করেন। এর ফলে ধীরে ধীরে দাউদকান্দি, গৌরীপুর, চান্দিনা, নিমসার ও ক্যান্টনমেন্ট এলাকা জুড়ে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
জানা গেছে, যানজটে আটকে থাকা যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা চরম দুর্ভোগে পড়েছেন। অনেককেই বাস থেকে নেমে হেঁটে যেতে দেখা গেছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি সমস্যায় পড়েছেন। ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন সাগর আহমেদ বলেন, “দাউদকান্দি থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত সাধারণত ৩০–৪০ মিনিটের রাস্তা, অথচ আসতে দেড় ঘণ্টা লেগেছে। প্রচণ্ড গরম ও রমজানে আটকে থাকার ভোগান্তি দ্বিগুণ কষ্ট দিয়েছে।”
বাস চালক আলমগীর হোসেন বলেন, “আমরা নির্ধারিত সময়ে গাড়ি চালাই, কিন্তু শ্রমিকদের হঠাৎ আন্দোলনের কারণে সাধারণ যাত্রীদের এত কষ্ট সহ্য করতে হয়েছে।”
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, পুলিশের সহযোগিতায় শ্রমিকদের অবরোধ থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
শাহিনুর আলম আরও জানান, ক্যান্টনমেন্ট এলাকার সড়ক মেরামতের কারণে যান ধীরে চলছিল। অপরদিকে চান্দিনায় শ্রমিকদের আন্দোলনেও যান চলাচল ধীর হয়ে পড়েছে।
ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও জাহাঙ্গীর আলম বলেন, “শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন বৃহস্পতিবারের মধ্যে দেওয়া হবে, আর ১৬ মার্চের মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস প্রদান করা হবে। একটি মহল শ্রমিকদের ইন্ধন দিয়ে এমন ঘটনা ঘটিয়েছে।”
জানাগেছে, যানজটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে, তাদের অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত