স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারের প্রধান নারী সদস্য ফ্যামিলি কার্ড পাবেন। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, এই উদ্যোগের আওতায় সকল নারী এই কার্ড পাবেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের রহিমানপুর ইউনিয়নের ঈদগা মাদ্রাসা মাঠে পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “আমরা বিশ্বাস করি জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। ১৫ বছর দেশে কোনো আইনি কাঠামো ছিল না, ১৫ বছর যারা চাইল তা করেছে। কিন্তু এবার কার্ডের জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না।”
তিনি আরও জানান, সরকার গঠনের ২২ দিনের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড জনগণের সামনে নিয়ে আসা হয়েছে। এই কার্ড নারীদের শক্তি হবে। মন্ত্রী বলছেন, জেলা প্রশাসকও এই কার্ড পাবেন, তার স্ত্রীও পাবেন, এবং দেশের প্রতিটি নারী এই উদ্যোগের আওতায় আসবেন।

এছাড়া মন্ত্রী আরও জানান, ইতিমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের সুবিধার জন্য খাল খনন কার্যক্রমও শুরু হয়েছে, যাতে তারা সহজে সেচ সুবিধা পেতে পারেন। জেলার উন্নয়নে মেডিকেল কলেজ ও বিমানবন্দর নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। ঠাকুরগাঁওয়ের বেকার যুবকদের জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা বাড়িতে বসে দুই থেকে তিন লাখ টাকা আয় করতে পারেন।
মির্জা ফখরুলের বক্তব্যে প্রকাশ পেয়েছে সরকারের উদ্দেশ্য—নারী ক্ষমতায়ন ও স্থানীয় পর্যায়ে সুযোগ-সুবিধা সম্প্রসারণ।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত