ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভসহ সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১১ মার্চ) ডিএমপির প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। অধিবেশন চলাকালীন জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, বুধবার রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকর বা দূষণীয় বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচিও নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নিষেধাজ্ঞা যেসব এলাকায় কার্যকর থাকবে সেগুলোর মধ্যে রয়েছে— ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও সড়কের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোড সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা।
এছাড়া রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং উল্লিখিত সীমানার ভেতরের সব সড়ক ও গলিপথেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ডিএমপি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত