চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও স্থানীয় সরকার সহায়তা প্রকল্প (এলজিএসপি)-এর অতিরিক্ত সচিব প্রয়াত সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জেলা শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেট (শিল্পকলা মার্কেট) ভবনের ৪র্থ তলায় দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার নিজস্ব কার্যালয়ে পত্রিকাটির পরিবারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দৈনিক চাঁপাই দর্পণের প্রকাশক ও সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজন বক্তব্য রাখেন।
বক্তাদের মধ্যে ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফা মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, সাপ্তাহিক সোনামসজিদের প্রতিষ্ঠাতা সম্পাদক মো. জোনাব আলী, চাঁপাই দর্পণের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক তুফান ও রাকিবুল ইসলাম বাবু, আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সদস্য আলহাজ সামশুল হক এবং প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সদস্য ফারুকা বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, দর্শক ফোরামের সদস্য আনিসুর রহমান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজা বাবু, সাংবাদিক আসাদুল্লাহসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং দর্পণ পরিবারের সদস্যরা।
স্মরণসভায় বক্তারা বলেন, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে সরদার সরাফত আলী সরকারি দায়িত্বের পাশাপাশি সাংবাদিক ও স্থানীয় মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
অনুষ্ঠানের শুরুতে সদর উপজেলার বারঘরিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার ১২ জন হাফেজের অংশগ্রহণে খতমে কোরআন অনুষ্ঠিত হয়। পরে দোয়া মাহফিলে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মাদ্রাসাটির পরিচালক মাওলানা হাসান মোহাম্মদ ইসহাক।
এসময় মরহুম সরদার সরাফত আলীর পাশাপাশি দৈনিক চাঁপাই দর্পণের সাবেক প্রধান উপদেষ্টা প্রয়াত মো. এরফান আলী, দর্পণ পরিবারের সদস্য প্রয়াত অ্যাডভোকেট মিজানুর রহমান ও অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট ইয়াসমীন সুলতানা রুমার পিতা প্রয়াত অ্যাডভোকেট সামসুল হক এবং রাকিবুল ইসলাম বাবুর পিতা প্রয়াত মো. রফিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, সরদার সরাফত আলী ২০২০ সালের ১২ মার্চ ঢাকার মতিঝিল সিটি সেন্টারে এলজিএসপি প্রকল্প অফিসে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি চাঁপাইনবাবগঞ্জ ও ফরিদপুরের জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তাঁর উদ্যোগেই ২০১৪ সালের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশনা শুরু হয় এবং জেলা প্রেসক্লাবে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত