শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে যাদের বাস্তব অবদান রয়েছে এবং যারা শিক্ষা উন্নয়নে কাজ করতে পারেন, তাদের নিয়েই কমিটি গঠনের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে অর্ধশিক্ষিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠনের যে তথ্য প্রচার হয়েছে, তা সঠিক নয় এবং বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে বলেন, ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা কমিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বরং শিক্ষার মান উন্নয়নে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ত করার দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দেশের অন্যান্য এলাকার আগে কচুয়াকে একটি শিক্ষার মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এখান থেকে সফল উদ্যোগগুলো ধীরে ধীরে সারা দেশে বিস্তৃত করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ধাপে ধাপে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
এ সময় তিনি আরও উল্লেখ করেন, পুরনো পদ্ধতির পরিবর্তে এসএসসি পরীক্ষা নতুন ও সময়োপযোগী কাঠামোয় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তা বাস্তবমুখী ও আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
সাংবাদিকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, যেকোনো বক্তব্য বা তথ্য প্রকাশের ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরা প্রয়োজন। বক্তব্যের অংশবিশেষ তুলে ধরে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বানও জানান তিনি।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত