বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বিএনপি নেত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ বিলকিস আক্তার জাহান শিরীনকে নগরীর প্রথম নারী প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
স্থানীয় সরকার পল্লী উন্নয় ও সমবায় মন্ত্রণালয় ১৪ই মার্চ /২০২৬ শনিবার প্রজ্ঞাপন জারি করে। পজ্ঞাপনে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বরিশালজুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে।
উন্নয়ন ও আধুনিক নগরী গড়ার প্রত্যয়
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “বরিশালবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন রয়েছে এই নগরীর উন্নয়ন নিয়ে। আমি সেই স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেবো। আমার লক্ষ্য একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী গড়ে তোলা।”
তিনি আরও বলেন, নগরবাসীর নাগরিক সেবা সহজ করা, পরিচ্ছন্নতা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। সবার সহযোগিতায় বরিশালকে একটি বাসযোগ্য ও আধুনিক নগরীতে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
চার দশকের বর্ণাঢ্য রাজনৈতিক পথচলা
বিলকিস জাহান আক্তার শিরীনের রাজনৈতিক জীবনের সূচনা ছাত্র রাজনীতি দিয়ে। ১৯৮৪ সালে বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজে ভর্তি হওয়ার পর থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়।
ছাত্র রাজনীতিতে তিনি দ্রুতই নেতৃত্বের স্বীকৃতি পান। ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্র সংসদের ছাত্রী বিষয়ক সম্পাদক এবং ১৯৯০ সালে এজিএস নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএনপি ও সহযোগী সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা
ছাত্র রাজনীতির পর তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এবং একই সময়ে জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।
২০০০ সালে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক এবং ২০০৩ সালে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে তিনি জাতীয় পর্যায়ে নেতৃত্বের স্বীকৃতি পান।
সংসদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান
বিলকিস আক্তার জাহান শিরীন জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-০৫ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে ২০১১ সালে বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
রাজপথের লড়াকু নেত্রী
রাজনৈতিক অঙ্গনে বিলকিস আক্তার জাহান শিরীনকে আপোষহীন ও সাহসী নেত্রী হিসেবে পরিচিত। বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখায় তাকে একাধিকবার কারাবরণও করতে হয়েছে। তবে তিনি কখনোই রাজনৈতিক আদর্শ থেকে সরে যাননি।
সাম্প্রতিক জাতীয় নির্বাচনে বরিশাল বিভাগে দলীয় কোন্দল নিরসন এবং প্রার্থীর বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। এছাড়া স্বল্প সময়ে বড় মহাসমাবেশ সফলভাবে আয়োজন করে তিনি তার সাংগঠনিক দক্ষতারও প্রমাণ দিয়েছেন।
নগর উন্নয়নে নতুন প্রত্যাশা
একজন উচ্চশিক্ষিত, অভিজ্ঞ ও সংগঠক হিসেবে বিলকিস জাহান শিরীনের নেতৃত্বে বরিশাল সিটি কর্পোরেশনের দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে—এমন প্রত্যাশা করছেন নগরবাসী। জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নসহ নানা ক্ষেত্রে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নারী প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিলকিস আক্তার জাহান শিরীন শুধু একটি প্রশাসনিক দায়িত্বই নেননি, বরং নারীর নেতৃত্বের একটি নতুন দৃষ্টান্তও স্থাপন করবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত