পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মন্ত্রী ও সংসদ সদস্যদের ঈদ উদযাপনের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এবার অধিকাংশ মন্ত্রী-এমপি নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে পরিবার, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। কেউ কেউ ঢাকায় ঈদের নামাজ আদায় করে পরে এলাকায় যাবেন, আবার অনেকে সরাসরি নিজ এলাকায় ঈদ করবেন।
সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানায়, ঈদকে ঘিরে নেতাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়েও তারা গুরুত্ব দিচ্ছেন।
স্থানীয় সরকার মন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ উদযাপন করবেন। পরে তিনি তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে যাবেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামে ঈদ করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায় ঈদ করবেন। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন দিনাজপুরে যাওয়ার কথা রয়েছে।
এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কুমিল্লায়, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরায়, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক সিলেটে ঈদ উদযাপন করবেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশালে, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লায়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জে, পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে ঈদ করবেন বলে জানা গেছে।
এছাড়া আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ঝিনাইদহে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের কুমিল্লায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান রাঙ্গামাটিতে, শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন চাঁদপুরে এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নরসিংদীতে ঈদ উদযাপনের পরিকল্পনা করেছেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম টাঙ্গাইলে, সড়ক, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকায় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান টাঙ্গাইলে ঈদ করবেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসাধীন থাকায় দেশে ঈদ করতে পারবেন না। অন্য উপদেষ্টাদের মধ্যে নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ করবেন। প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হুমায়ুন কবির ও মাহদী আমিনও ঢাকায় থাকবেন, তবে হুমায়ুন কবিরের সিলেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের বড় একটি অংশ নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। কেউ কেউ ঢাকায় ঈদের নামাজ শেষে এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঈদ সবসময় পরিবারের সদস্য ও এলাকার মানুষের সঙ্গে কাটানোর চেষ্টা করেন তিনি। এবারও সকালে নামাজ আদায়, পারিবারিক কবর জিয়ারত এবং পরে স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পরিকল্পনা রয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত