ঝিনাইদহ সদরের নগরবাথান এলাকায় একটি মসজিদে ইফতারের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) মাগরিবের নামাজের পর নগরবাথান ১৯ মাইল জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করে এলাকার কয়েকজন যুবক। ইফতারের আগে জামশেদ নামে এক ব্যক্তি অতিরিক্ত দুটি প্যাকেট চাইলে আয়োজকদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
অভিযোগ রয়েছে, নামাজ শেষে জামশেদ কয়েকজনকে সঙ্গে নিয়ে মসজিদের সামনে জড়ো হন। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে মারুফ নামে এক যুবক ইটের আঘাতে আহত হন। পরে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারামারিতে আরও কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে লালন, মারুফ ও মালেককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আহত মারুফ হোসেন দাবি করেন, অতিরিক্ত প্যাকেট চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে নামাজ শেষে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, ইফতারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে উভয়পক্ষ থানায় এসেছে এবং সমাধানের চেষ্টা চলছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত