কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্ঘটনার কারণ দ্রুত খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সাম্প্রতিক সময়ে একাধিক রেল ও সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে কুমিল্লার ঘটনাটি বিশেষভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এর আগে বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর এই ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে সংশ্লিষ্টদের দ্রুত তদন্ত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন বলেও জানানো হয়। আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও নির্দেশ দেন তিনি।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ট্রেন-বাস সংঘর্ষের মতো প্রতিটি ঘটনায় দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে সড়ক ও সেতু দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পবিত্র ঈদের আনন্দঘন সময়ে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। প্রতিটি মানুষের জীবন অমূল্য, আর প্রতিটি মৃত্যু অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
বিবৃতিতে তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা ও সামগ্রিক পরিবহন ব্যবস্থায় বিদ্যমান দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত