মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তীব্র হওয়ায় আকাশপথে অনিশ্চয়তা আবারও বেড়েছে। এর প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।
শনিবার (২১ মার্চ) একদিনেই বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ সংকটে এখন পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৬২টিতে।
বিমানবন্দরের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আগমনী ও একটি বহির্গমন ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের দুইটি আগমনী ও একটি বহির্গমন এবং এয়ার আরাবিয়ার একটি আগমনী ও একটি বহির্গমন ফ্লাইটও বাতিল করা হয়েছে।
তবে সব মিলিয়ে সম্পূর্ণভাবে ফ্লাইট চলাচল বন্ধ হয়নি। একই দিনে মধ্যপ্রাচ্যগামী ও আগত মিলিয়ে অন্তত ১০টি ফ্লাইট (৬টি আগমনী ও ৪টি বহির্গমন) সীমিত আকারে পরিচালিত হয়েছে। এরপরও শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলার ফ্লাইটগুলো এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থির হয়ে ওঠার পর থেকেই নিয়মিত ফ্লাইট সূচিতে বিঘ্ন ঘটছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন প্রবাসী যাত্রী ও সাধারণ মানুষ। বিশেষ করে ঈদকে সামনে রেখে দেশে ফেরা বা বিদেশে কর্মস্থলে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরা বিপাকে পড়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক রুটে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক করার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত