জ্বালানির ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ উদ্বেগ প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের পেট্রোল পাম্পগুলো প্রতিদিন অয়েল কোম্পানিগুলোর কাছ থেকে যে পরিমাণ জ্বালানি পাচ্ছে, তা বর্তমান চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।
বিশেষ করে মোটরসাইকেল চালকরা জ্বালানি নিতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন। এতে তারা ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছেন, যা অনেক ক্ষেত্রে পাম্পকর্মীদের সঙ্গে উত্তেজনা ও বাকবিতণ্ডার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
পাম্পে কর্মরত নজেলম্যানদের টানা কাজের চাপ বাড়ছে। নিয়মিত বিরতি ছাড়াই কাজ করতে হওয়ায় তারা শারীরিক ও মানসিকভাবে চাপে রয়েছেন। ক্রেতাদের ক্ষোভ সামাল দিতে গিয়েও তাদের হিমশিম খেতে হচ্ছে।
সংগঠনটির মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে জ্বালানি সরবরাহ সংকট ও নিরাপত্তাজনিত কারণে যেকোনো সময় দেশের অনেক পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত