প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ১:০৯ পি.এম
সড়কে সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ: থামাতে গিয়ে প্রাণ গেল ট্রাকচালকের
দিনাজপুরের কাহারোল উপজেলায় সড়কে সাইড দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোস্তফা কামাল (৪০) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের দশমাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল উপজেলার দশমাইল গড়নূরপুর গ্রামের বাসিন্দা এবং সাইর উদ্দিনের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাত ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরযাত্রী বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী আহত হন। পরে বিষয়টি দুই পক্ষের মধ্যে মীমাংসা হলেও হঠাৎ করে মাইক্রোবাসচালক অটোরিকশাচালককে চড় মারেন। এতে উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
এরই মধ্যে মাইক্রোবাসে থাকা ১০-১২ জন যুবক নেমে এসে উত্তেজিত হয়ে স্থানীয়দের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন ট্রাকচালক মোস্তফা কামাল। কিন্তু হামলাকারীরা তাকেও মারধর শুরু করে। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা সড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন জানান, সড়কে সাইড দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এবং এতে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত