ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ব্যবসায় শিক্ষা বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ইবি কেন্দ্রে অংশ নিচ্ছে ১৪৫৬ জন পরিক্ষার্থী।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে সকাল ১১টায় এ ভর্তি পরীক্ষা শুরু হয় পরীক্ষা চলে বেলা ১২টা পর্যন্ত।

সরজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য দেখা যায়। পরীক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকদেরও ক্যাম্পাসে ভিড় করতে দেখা যায়।
পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

শিক্ষার্থীদের সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

সার্বিক প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দেশনা দিতে হেল্প ডেস্ক বসানো হয়েছে। পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আশাকরি সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত