মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হট্টগোলের কারণে শেষ পর্যন্ত পণ্ড হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের দুই পক্ষের মধ্যে মতবিরোধ থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিবগঞ্জ উপজেলা চত্বরে অনুষ্ঠানটি শুরু হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টার দিকে আয়োজনের সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বক্তব্য পর্বে উপস্থাপক উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের হোসেনের নাম ঘোষণা করলে আপত্তি জানান সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু ও তার সমর্থকরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে একপর্যায়ে হট্টগোল শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় দ্রুত অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা দেন ভারপ্রাপ্ত ইউএনও তৌফিক আজিজ।
এ বিষয়ে জুবায়ের হোসেন অভিযোগ করেন, বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠতেই তাকে বাধা দেওয়া হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
অন্যদিকে বজলার রশিদ সনু বলেন, পূর্বনির্ধারিত তালিকার বাইরে নাম ঘোষণা করায় তিনি আপত্তি জানিয়েছেন। তার দাবি, এতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়নি।
এ ঘটনায় উপস্থিত মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
ভারপ্রাপ্ত ইউএনও তৌফিক আজিজ জানান, মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণেই এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত