লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সড়ক শহীদ ওসমান চত্তর থেকে খেজুরতলা পর্যন্ত উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
“IUGIP/RAIP/UT+DR/01/2023” প্যাকেজের আওতায় চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক থেকে হায়দারগঞ্জ সড়কের রায়পুর থানার মোড় হতে খেজুরতলা পর্যন্ত ড্রেন, ফুটপাত ও স্ট্রিট লাইটসহ আরসিসি সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি খেজুরতলা থেকে পৌরসভার শেষ সীমানা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে দত্ত অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। এতে অর্থায়ন করছে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP), এডিবি (ADB), এএফডি (AFD) এবং বাংলাদেশ সরকার।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর পৌরসভার প্রশাসক মেহেদী হাসান কাউছার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন এবং রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সড়কটি দীর্ঘদিন ধরে অত্যন্ত নাজেহাল অবস্থায় পড়ে আছে। ভাঙাচোরা ও খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে এলাকাবাসীকে নিয়মিত ভোগান্তির শিকার হতে হচ্ছে। একাধিকবার উন্নয়নের আশ্বাস ও উদ্যোগের কথা শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি, ফলে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সড়ক উন্নয়ন কাজের উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত ছিল। উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত