চাঁপাইনবাবগঞ্জের গণমাধ্যম অঙ্গনে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত দৈনিক চাঁপাই দর্পণ আজ গর্বের সঙ্গে অতিক্রম করল এক যুগের পথচলা। ইংরেজি ২০১৪ সালের ১৪ এপ্রিল, বাংলা নববর্ষ পহেলা বৈশাখের শুভক্ষণে মো. আশরাফুল ইসলাম রঞ্জুর সম্পাদনায় যাত্রা শুরু করা এই পত্রিকাটি আজ ১২ বছর পূর্ণ করে পদার্পণ করল ১৩তম বছরে।
শুরুটা ছিল সীমিত পরিসরে—কিন্তু অদম্য প্রত্যয়, পেশাদারিত্ব আর সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ধীরে ধীরে পাঠকপ্রিয়তা অর্জন করে নেয় দৈনিক চাঁপাই দর্পণ। “হাঁটি হাঁটি পা পা” করে এগিয়ে চলা এই পথচলায় পাশে ছিল একঝাঁক নিবেদিতপ্রাণ প্রতিনিধি, বিশ্বস্ত পাঠক, বিজ্ঞাপনদাতা এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী। তাদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনই পত্রিকাটিকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।
এই এক যুগের অভিযাত্রায় স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, সংস্কৃতি ও জনজীবনের নানা চিত্র তুলে ধরে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে পত্রিকাটি। তথ্যনির্ভর সংবাদ পরিবেশন এবং বস্তুনিষ্ঠতার কারণে এটি ইতোমধ্যেই পাঠকমহলে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গী ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছে বলে নিশ্চিত করেছেন সম্পাদক মো: আশরাফুল ইসলাম রঞ্জু।
এক যুগ পূর্তি উপলক্ষে দৈনিক চাঁপাই দর্পণ পরিবার নানা আয়োজন গ্রহণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে থাকছে দৈনিক চাঁপাই দর্পণ ই-পেপার উদ্বোধনসহ আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি-প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেবেন সাংবাদিক, সুধীজন ও পাঠকরা।
এদিকে এই গৌরবময় অর্জনে দৈনিক অধিকার পরিবার ও সম্পাদক মো: হূমায়ন কবির(আলীফুর) আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, “দৈনিক চাঁপাই দর্পণ শুধু একটি পত্রিকা নয়, এটি চাঁপাইনবাবগঞ্জের মানুষের কণ্ঠস্বর। এক যুগের এই সাফল্য তাদের নিষ্ঠা ও পেশাদারিত্বেরই প্রমাণ।”
পাশাপাশি দৈনিক অধিকার পরিবারের পক্ষ থেকে দোয়া ও প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে-“চাঁপাই দর্পণ যেন আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে আরও বহুদূর এগিয়ে যায় এবং গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়।”
এক যুগ পেরিয়ে নতুন বছরে পদার্পণ—এ যেন শুধু সময়ের হিসাব নয়, বরং বিশ্বাস, সংগ্রাম আর সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সামনে আরও দীর্ঘ পথ—আর সেই পথচলায় দৈনিক চাঁপাই দর্পণ থাকুক সত্যের সাহসী কণ্ঠস্বর হয়ে-এটাই প্রত্যাশা।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত