ময়মনসিংহ নগরের ৭ নম্বর ওয়ার্ডে সোনালী ব্যাংকের সম্মুখে বিশ্বেশ্বরী দেবী রোডে একটি জমিতে হাইকোর্টের স্থিতাবস্থা (স্টে-অর্ডার) অমান্য করে স্টিল শেড, স্টোর রুম ও বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)-এর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌর হোল্ডিং নম্বর ১৪(ঠ) এর ০.১৩৫০ শতাংশ জমিতে গত ৯ এপ্রিল নির্মাণ কাজের উদ্বোধন করেন মসিকের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। অভিযোগকারী শেখ আব্দুল খালেকসহ অন্যান্যরা দাবি করেন, বিষয়টি সম্পূর্ণ বেআইনি এবং হাইকোর্টের নির্দেশনার পরিপন্থী। তারা জানান, উক্ত জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ সংক্রান্ত মামলায় ময়মনসিংহের আদালতে বিচারাধীন অবস্থায় বিষয়টি উচ্চ আদালতে গড়ায়। হাইকোর্টে দায়ের করা ৩৩১১/২০১১ নম্বর সিভিল রিভিশন মামলায় আদালত মূল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জমিতে কোনো ধরনের নির্মাণ কাজ বা মালামাল সংরক্ষণ থেকে সিটি কর্পোরেশনকে বিরত থাকার নির্দেশ দেন। অভিযোগকারীরা আরও বলেন, ২০২৫ সালের ২ জুন হাইকোর্টের স্টে-অর্ডার জারির পরও মসিক কর্তৃপক্ষ নির্মাণ কাজ শুরু করে। এ বিষয়ে প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগ করেন তারা। জমির মালিকানা দাবিদারদের মতে, সংশ্লিষ্ট ভূমি বি.আর.এস রেকর্ডে তাদের নামে চূড়ান্তভাবে নথিভুক্ত হয়েছে। জরিপ বিভাগের আপত্তি নিষ্পত্তির পর তাদের মালিকানা স্বীকৃত হয়েছে বলেও তারা দাবি করেন।
এ ঘটনায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত