জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে জাতীয় সংসদে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, পাচার ও অপচয় রোধ করে জ্বালানি খাতে শৃঙ্খলা আনতেই সরকার সীমিত পরিসরে মূল্য বৃদ্ধি করেছে।
সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় জনগণের সুবিধা বিবেচনায় রেখে সহনীয় মাত্রায় জ্বালানি তেল ও গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। এক পর্যায়ে জাতীয় অর্থনীতি আর এই ভর্তুকি বহন করতে পারছিল না, তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”
তিনি আরও ব্যাখ্যা করেন, জ্বালানির দাম কম থাকলে অপচয় ও পাচারের প্রবণতা বেড়ে যায়। সেই প্রবণতা নিয়ন্ত্রণে আনতে এবং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতেই এই মূল্যবৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিরোধীদলের অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইতোমধ্যে সংসদে পরিসংখ্যানসহ এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
সংসদীয় কার্যপ্রণালী নিয়ে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুলতবি প্রস্তাব সাধারণত বিরোধীদল থেকে আনা হলেও চলতি অধিবেশনে ইতোমধ্যে একাধিকবার তা আলোচনায় এসেছে। একই সেশনে বারবার মুলতবি প্রস্তাব গ্রহণ ভবিষ্যতে নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি প্রস্তাব দেন, সংসদ মুলতবি না করে ৬৮ বিধির আওতায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা যেতে পারে। এ বিষয়ে স্পিকারের কাছে বিরোধীদলীয় নেতাকে সুযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত