চট্টগ্রামের সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রশিবিরের হামলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলে তারা ‘লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার’, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার,’, ‘গুপ্ত শিবিরের বিরুদ্ধে ডাইরেক্ট একশান,’, ‘শিবিরের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও,’, ‘জমায়াত-শিবির, গুপ্ত গুপ্ত,’, ‘লীগ গেছে যে পথে, শিবির যাবে সেই পথে’, ‘গুপ্তদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘শিক্ষা-শিবির, একসাথে চলে না’, ‘শিক্ষা-গুপ্ত, একসাথে চলে না’, ‘গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান’, ‘গুপ্ত রাজনীতি নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেয়।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, আনোয়ারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ প্রায় দেড় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, 'বর্তমান গুপ্ত বাহিনীকে সেই ১৪-১৫ সালের পরে শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়েই না, বরং সারা বাংলাদেশে কোথাও পাইনি। পরবর্তীতে তারা সাধারণ শিক্ষার্থীদের নামে বিভিন্নভাবে হল দখলের চেষ্টা করছে, নামে-বেনামে ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে। সবই একই গুপ্ত, এই গুপ্তদের প্রতিরোধ আমরা করবোই করব।
তিনি আরও বলেন, সর্বোপরি আমাদের গুপ্তদের বিরুদ্ধে অবস্থান থাকতে হবে। শিবিরের ভাইদের বলব, আপনারা ওপেন রাজনীতি করেন। আপনারা গুপ্তের মতো আর রাজনীতি করবেন না। যারা বিশ্ববিদ্যালয়ে গুপ্ত পরিচয়ে নামে বেনামে বিভিন্ন সংগঠনের সভাপতি সেক্রেটারি হয়েছেন তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা সতর্ক হয়ে যান। আমি প্রক্টর স্যারকে চিঠি দিয়েছি, ভিসি স্যারকে জানিয়েছি। আমাদের নেত্রী ও প্রধানমন্ত্রীকে উলটাপালটা মন্তব্য যারা করে তাদের বিরুদ্ধে আপনারা যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হন, কালকে থেকে ছাত্রদল ব্যবস্থা নিবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত