চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলের আওতায় আনার প্রস্তাব ঘিরে জেলায় তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। জনদুর্ভোগ ও বাড়তি আর্থিক চাপের আশঙ্কায় এ সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে সাধারণ মানুষ, শ্রমজীবী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ টোল আরোপের প্রস্তাব বাতিলের জোর দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোঃ তারিকুল আলম সিদ্দিকী। বক্তারা বলেন, মহানন্দা সেতু শুধু একটি অবকাঠামো নয়—এটি এ অঞ্চলের হাজারো মানুষের দৈনন্দিন জীবনযাত্রার প্রধান ভরসা। প্রতিদিন কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, চাকরিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এই সেতু ব্যবহার করে জীবিকা নির্বাহ করেন।
বক্তারা টোল আরোপের সিদ্ধান্তকে “অযৌক্তিক ও জনবিরোধী” আখ্যা দিয়ে বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মধ্যে নতুন করে টোলের বোঝা চাপানো হলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। এতে যাতায়াত ব্যয় বাড়বে, পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা এই সেতুতে টোল বসানো মানে আমাদের ওপর বাড়তি শাস্তি চাপানো। এটি সরাসরি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর অন্যায্য চাপ সৃষ্টি করবে।”
নাগরিক অধিকার আদায় কমিটির পক্ষ থেকে অবিলম্বে টোল আরোপের প্রস্তাব বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের কষ্ট বাড়িয়ে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। তাই জনস্বার্থ বিবেচনায় দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শফিক এনায়েতুল্লাহ, অ্যাডভোকেট আসাদুল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মোঃ রফিকুল আলম, চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ রায়হানুল ইসলাম লুনাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা, অটোবাইক, মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা মহানন্দা সেতুর টোল ইজারা বাতিল এবং স্থায়ীভাবে টোল আদায় বন্ধ রেখে সাধারণ মানুষের চলাচল সহজ করার দাবি জানান। ইতোমধ্যে বিষয়টি নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং দ্রুত সমাধানের প্রত্যাশা করছেন এলাকাবাসী।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত