পটুয়াখালীর বাউফলে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে কবির হাওলাদার (বাড়ির মালিক) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ও পুলিশের যৌথ দল।
রবিবার (৩ মে) উপজেলার কালিশুরি ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী নারী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কবির হাওলাদারের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন ওই নারী। অভিযুক্ত ও ভুক্তভোগী উভয়েই সূর্যমনি ইউনিয়নের বাসিন্দা।
অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে একদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তাকে ফোন করে বাসায় ডাকেন। পরে সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। এরপর দীর্ঘ সময় ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি।
এতে ভুক্তভোগী নারী গর্ভবতী হলে তার স্বামী তাকে তালাক দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ভুক্তভোগীকে অপেক্ষায় রাখা হলেও শেষ পর্যন্ত বিয়ে না করায় তিনি আইনের আশ্রয় নেন।
গত ২৩ এপ্রিল ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “মামলার ভিত্তিতে আমরা এফআইআর গ্রহণ করি। তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাবের সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, ভুক্তভোগী ও তার সন্তানের মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হবে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত