প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ৩:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৬, ৫:৫৭ পি.এম
বুড়িমারী সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ, কঠোর অবস্থানে বিজিবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বুধবার (৭ মে) সকালে বুড়িমারী স্থলবন্দর সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের ওই অংশে কাঁটাতারের বেড়া না থাকায় বিএসএফ এক অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বলে জানা যায়।
এসময় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর আওতাধীন বুড়িমারী বিওপি’র টহল দল বিষয়টি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাধা দেয়। পরে বিজিবির কড়া অবস্থানের মুখে ওই ব্যক্তিকে ভারতীয় সীমান্তে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। বুড়িমারীসহ আশপাশের সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিএসএফের সঙ্গে কমান্ডার পর্যায়ে যোগাযোগ ও আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা বিজিবির দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তাদের মতে, বিজিবির সতর্ক অবস্থানের কারণে সীমান্তে অনুপ্রবেশের সম্ভাবনা রোধ করা সম্ভব হয়েছে।
তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, “বুড়িমারী সীমান্তে বিএসএফ একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পুশইনের চেষ্টা করলে বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান নেয়। পরে ওই ব্যক্তিকে ভারতীয় সীমান্তে ফেরত পাঠানো হয় এবং বিএসএফের সেই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়।”
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত