ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা গ্রীন ভয়েসের উদ্যোগে ‘আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬’–এর সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ৬৩ জন অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘আত্মবিশ্বাসে আত্মরক্ষা’—স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে নাসিম আহমেদ ও মাইমুনা সুলতানা মিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি গ্রীন ভয়েস ইবি শাখার উপদেষ্টা ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আল মোহিত, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক ও খুলনা বিভাগীয় সমন্বয়ক আরিফুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাবির সাবেক সভাপতি আশিকুর রহমান এবং কেন্দ্রীয় সদস্য ও ইবি শাখার সাবেক সভাপতি এস এস সুইট উপস্থিত ছিলেন।
সনদ পেয়ে উচ্ছ্বসিত এক শিক্ষার্থী বলেন, “এধরনের জীবনমুখী কর্মশালা সত্যই আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করেছে, যদিও মাত্র ৭ দিনব্যাপী প্রশিক্ষণে তেমন কিছু শেখা যায় না। পরবর্তীতে এ ধরনের আয়োজন আরেকটু দীর্ঘ সময় নিয়ে করলে অনেক বেশি ফলপ্রসু হবে বলে মনে করি। এ ধরনের আয়োজন করার জন্য গ্রীন ভয়েস কে ধন্যবাদ। “
গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমন বলেন, “আজকের এই অনুষ্ঠানের সনদপ্রাপ্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নারী শিক্ষার্থীদের জন্য আমাদের এই আয়োজন ছিল, তাঁদের আত্মরক্ষা কৌশল শিখানোর মুল লক্ষ্য ছিল তাদের আত্মবিশ্বাসী করে তোলা সেটা করা হয়েছে।“
এসময় অধ্যাপক ড. আব্দুল আল মোহিত বলেন, "আত্মরক্ষা কেবল শারীরিক বিষয় নয়, আমাদের সমাজকেও রক্ষা করতে হবে। সমাজ সুন্দর হলে আমাদের নিরাপত্তাও নিশ্চিত হবে। আমাদের কাছের বন্ধু, পরিবার বা সমাজ থেকে আমরা হুমকির সম্মুখীন হই। তাই আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করাও আত্মরক্ষার একটি বড় কৌশল। শিক্ষিত মা যেমন শিক্ষিত জাতি তৈরি করে, তেমনি এই প্রশিক্ষণ থেকে অর্জিত শিক্ষা যদি আমরা জীবনে প্রয়োগ করি ও ছড়িয়ে দেই, তবেই একটি কাঙ্ক্ষিত সমাজ গড়ে উঠবে।"
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “যার রক্ষার জন্য কেউ নেই সেই আত্মরক্ষার কৌশল অবলম্বন করে। আত্মরক্ষার কৌশল তোমরা হয়তো রপ্ত করেছো বিশেষ করে আমাদের সমাজের ছেলে বা মেয়ে যারা আমাদের সমাজের বিভিন্ন সমস্যার সম্মুখীন হও তোমাদের অবশ্যই এটা কাজে দিবে। আত্মরক্ষার জন্য যেটি বেশি দরকার সেটি হলো আত্মবিশ্বাস। আমাদের অনেকে নিজেকে নিয়ে হতাশ থাকে আত্মবিশ্বাসের অভাবে। জ্ঞান অর্জনের কৌশল ও প্রতিযোগিতার মনোবলের মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন সম্ভব। নিজেদের মধ্যে সব সময় চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা রাখতে হবে“।
উল্লেখ্য, চলতি বছরের ২১ থেকে ২৭ জানুয়ারি ৭ দিনব্যাপী ‘আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬’ শীর্ষক আত্মউন্নয়ন প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের জীবনমুখী কর্মশালা আরও সময় নিয়ে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত