প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৬, ৪:৩৩ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে বন বিভাগের অভিযানে জরিমানা
পরিবেশ রক্ষা ও বনজ সম্পদ সংরক্ষণে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে বন বিভাগ। লাইসেন্সবিহীন করাত-কল পরিচালনার অভিযোগে সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এর নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সদর উপজেলার হায়াত মোড় এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে করাত-কল বিধিমালা-২০১২ লঙ্ঘন করে লাইসেন্স ছাড়াই কয়েকটি করাত-কল পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ সময় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের ওমর আলীর ছেলে কামরুলের বিরুদ্ধে আইন অমান্য করে করাত-কল পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ বন বিভাগ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, অনুমোদনহীন করাত-কল বনজ সম্পদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অবৈধভাবে কাঠ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে একদিকে যেমন বন উজাড়ের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদের নিরাপত্তা এবং সরকারি বিধিমালা কার্যকরে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈধ কাগজপত্র ছাড়া করাত-কল পরিচালনা করলে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে অবৈধ বনজ সম্পদ বাণিজ্য বন্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত