প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৬, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৬, ২:০৫ এ.এম
দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও ৩ গ্রেফতার
ময়মনসিংহের ভালুকায় আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও তিন আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ নিয়ে মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।
ডিবি পুলিশ জানায়, ঘটনার পর থেকেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ মে বিকেল সাড়ে ৫টার দিকে ভালুকা থানার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকার পাইওনিয়ার ফ্যাক্টরির সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— তাজমুল সরকার ওরফে সাদেক (২২), বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়; মো. রুবেল মিয়া (৩৬), কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাসিন্দা এবং মো. রবিন (৩৭), নারায়ণগঞ্জের বন্দর থানার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সক্রিয় ভূমিকা পালন করেন। তারা উত্তেজিত জনতাকে উসকানি দিয়ে দীপু চন্দ্র দাসের ওপর হামলা ও নির্যাতনে সহযোগিতা করেন। এছাড়া বিভিন্ন স্লোগানের মাধ্যমে ফ্যাক্টরির কর্মীদের উত্তেজিত করে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
মামলা সূত্রে জানা যায়, এ পর্যন্ত গ্রেফতার হওয়া ২৯ আসামির মধ্যে ১২ জন আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এদিকে মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত