মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়া ও হালুয়া তৈরির উপকরণসহ আন্তঃজেলা অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে বাসযাত্রী ও গবাদিপশুর হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের টার্গেট করেই তারা সক্রিয় হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) ভোর ৫টা ৩৫ মিনিটে মাদারীপুর নতুন শহর এলাকার হোটেল জাহিদ (আবাসিক)-এর দ্বিতীয় তলার ১৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামের মো. কালাম হোসেন (৫৪), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের মো. জাহাঙ্গীর মোল্লা (৪৯) এবং মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া গুচ্ছগ্রাম এলাকার মো. জাকির হাওলাদার (৫০)।
পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। এ সময় অভিযুক্তদের কাছ থেকে চেতনানাশক বিষাক্ত হালুয়া, হালুয়া তৈরির বিভিন্ন উপকরণ ও সন্দেহজনক সামগ্রী জব্দ করা হয়।
ডিবি পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলার জনাকীর্ণ হাট-বাজার, বাসস্ট্যান্ড ও দূরপাল্লার পরিবহনে যাত্রী সেজে সাধারণ মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তুলত। বিশেষ করে অসুস্থতা, ওষুধ বা শারীরিক সমস্যা নিয়ে আলাপের মাধ্যমে বিশ্বাস অর্জন করে পরে কৌশলে চেতনানাশক মেশানো হালুয়া খাইয়ে অজ্ঞান করত। এরপর ভুক্তভোগীদের টাকা-পয়সা, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যেত তারা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় একই কৌশলে একাধিক ব্যক্তিকে অজ্ঞান করে লুটপাটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ ও মামলার তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, ঈদকে সামনে রেখে যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে মাদক, অজ্ঞান পার্টি, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত