
ঝিনাইদহে পুলিশের হাতে আটক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সহযোগী সংগঠনের দুই নেতাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রোববার রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা এবং যুবশক্তির নেতা অয়ন রহমান খানকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ‘ফ্যামিলি জোন’ নামের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিতে আসেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেক রেজা। এসময় নিরাপত্তাজনিত কারণে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, “তারেক রেজাকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেওয়া হয়েছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে বিদ্যমান মামলা থাকায় আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়।”
একই প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, যশোর থেকে গ্রেপ্তার যুবশক্তির আরেক নেতা অয়ন রহমান খানকেও আদালতে হাজির করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘গুম’ করা হয়েছে— এমন অভিযোগ নাকচ করে পুলিশ জানায়, গ্রেপ্তারের পর থেকেই তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, “অয়নকে কোনোভাবেই গুম করা হয়নি। ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করার পরপরই তার বাবা, মা ও বোনকে বিষয়টি জানানো হয়। ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আদালতে হাজির করা হয়েছে।”
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আইনশৃঙ্খলা বাহিনী পুরো বিষয়টি আইন অনুযায়ী পরিচালনা করেছে।
প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, ওসি (অপারেশন) শামসুজ্জোহা এবং ডিবি পুলিশের ওসি সাব্বিরুল আলম উপস্থিত ছিলেন।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে পুলিশ বলছে, পুরো প্রক্রিয়া আইনগত নিয়ম মেনেই সম্পন্ন করা হয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 


















