চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়নকাজের মান নিয়ে ফের উঠেছে তীব্র প্রশ্ন। সামান্য বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা, ভাঙাচোরা ড্রেনেজ ব্যবস্থা এবং নিম্নমানের নির্মাণকাজে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ। তাঁর করা একটি পোস্ট ইতোমধ্যে শহরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদ নিজের ভেরিফাই ফেসবুক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন,“এটাই কি পৌরসভার উন্নয়ন? পৌরসভার কাজের মান নিয়ে প্রশ্ন তুলতেই হয়!! আমার বাসার সামনের ফুড অফিস মোড়ের এই অবস্থা হলে ভাবুন পুরো চাঁপাইনবাবগঞ্জ শহরের কী হাল!”

তিনি আরও প্রশ্ন তোলেন,“পৌরসভার ইঞ্জিনিয়ার, ঠিকাদার—কাজের তদারকি কোথায়? জনগণের ট্যাক্সের টাকায় করা কাজ যদি টেকসই না হয়, দায়টা কে নেবে?”
তার এই বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ। স্থানীয়দের দাবি, শহরের বিভিন্ন এলাকায় নতুন করে নির্মাণ বা সংস্কার করা সড়ক ও ড্রেন অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও সড়কের পিচ উঠে যাচ্ছে, কোথাও আবার ড্রেনের ঢাকনা ধসে পড়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

বিশেষ করে ফুড অফিস মোড়, নিউ মার্কেট, বড় ইন্দারা মোড়, শান্তিমোড়, বিশ্বরোড এলাকা, পুরাতন বাজার ও কয়েকটি আবাসিক এলাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যায়। এতে দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ হওয়ার আগেই বিল উত্তোলন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন,“প্রতিবছর কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কথা শুনি, কিন্তু বাস্তবে দেখি একই রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা। তাহলে উন্নয়ন হচ্ছে কোথায়?”

সচেতন মহলের মতে, জেলা পরিষদ প্রশাসকের মতো একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির প্রকাশ্য ক্ষোভ পৌরসভার কাজের বাস্তব চিত্রই তুলে ধরেছে। তারা বলছেন, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে জনগণের আস্থা আরও কমে যাবে।

পোস্টের শেষাংশে মোঃ হারুনুর রশীদ লেখেন, “পৌরসভার কর্মকর্তা-ঠিকাদারদের কাজের ফাঁকিবাজির ফল ভোগ করছে সাধারণ মানুষ। আর ফাঁকিবাজি নয়, টেকসই কাজ চাই চাঁপাইনবাবগঞ্জবাসী।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই পোস্ট ঘিরে সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করছেন। অনেকে পৌরসভার উন্নয়নকাজের মান যাচাইয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত