নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার উপজেলার চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকায় রায়পুর-চাঁদপুর মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে চরপাতা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র লোডশেডিং চলছে। কোথাও কোথাও দিনে মাত্র চার থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ মিলছে বলে অভিযোগ রয়েছে। ঈদুল আজহার সময় বিদ্যুৎ সংকট আরও তীব্র হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা কোরবানির মাংস ও অন্যান্য খাবার নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ চরম কষ্টে রয়েছেন।
অবরোধ চলাকালে স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া ওই সড়ক দিয়ে যাওয়ার সময় যানজটে আটকা পড়েন। পরে তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দ্রুত ক্ষতিগ্রস্ত লাইন মেরামত ও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, উপজেলাটিতে লোডশেডিংয়ের মাত্রা অনেক বেশি। ঈদের সময় বিদ্যুৎ বিভ্রাটে মানুষের দুর্ভোগ বেড়ে গেছে।
রায়পুর পল্লী বিদ্যুতের ডিজিএম মোশারফ হোসেন জানান, সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ৩৩ কেভিসহ বিভিন্ন বিদ্যুৎ লাইনে বড় ধরনের ক্ষতি হয়েছে। বহু খুঁটি ভেঙে গেছে, তার ছিঁড়ে পড়েছে এবং কিছু ট্রান্সফর্মার নষ্ট হয়েছে। এছাড়া গাছ পড়ে বিভিন্ন স্থানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে কাজ চলছে এবং ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত