ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণেরঅভিযোগে আফতাব ওরফে তরিকুল নামের এক গ্রাম্য চিকিৎসককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার অসুস্থ দাদির জন্য ওষুধ আনতে পাশের একটি ফার্মেসিতে গেলে সেখানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির ফার্মেসিতে তাকে আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তর করে।
খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটিকে রাতেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে উন্নত পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হবে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। ভিকটিমের মেডিকেল রিপোর্ট ও লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত