মাগুরার তরুণ বিতার্কিক ও সংগঠক নাহিদুর রহমান দুর্জয় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এ অর্জনে মাগুরার বিতর্কাঙ্গনে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
নাহিদুর রহমান দুর্জয় মাগুরা আদর্শ বিতর্ক সংঘ (এমআইডিএস)-এর চেয়ারম্যান এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বিতর্কচর্চা, প্রশিক্ষণ ও বিচারকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।গত ৭ জুন ২০২৬ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত দুটি বিতর্ক প্রতিযোগিতায় তিনি বিচারকের দায়িত্ব পালন করেন।
সকাল ১০টায় অনুষ্ঠিত প্রথম বিতর্কের বিষয় ছিল- “ভবিষ্যৎ বিশ্বে মানবিক মূল্যবোধের চেয়ে প্রযুক্তির প্রভাবই বেশি হবে।”এ বিতর্কে পক্ষদল হিসেবে অংশ নেয় জলশিরি ক্যান্টনমেন্ট স্কুল এবং বিপক্ষদল হিসেবে অংশ নেয় বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ স্কুল।
এরপর সকাল ১১টা ১৫ মিনিটে অনুষ্ঠিত দ্বিতীয় বিতর্কের বিষয় ছিল-“অনলাইন শিক্ষা কখনো প্রথাগত শ্রেণিকক্ষের বিকল্প হতে পারে না।”এতে পক্ষদল হিসেবে অংশগ্রহণ করে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সাভার এবং বিপক্ষদল হিসেবে অংশ নেয় অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুল। আয়োজক সূত্রে জানা গেছে, বাংলাদেশ বেতারের জনপ্রিয় এ বিতর্ক অনুষ্ঠান দুটি আগামী ১৩ জুন বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
বিতর্ক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয় কর্মী নাহিদুর রহমান দুর্জয়ের এ দায়িত্বপ্রাপ্তিকে মাগুরার বিতর্কপ্রেমীরা ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করছেন, জাতীয় পর্যায়ে তার অংশগ্রহণ জেলার বিতর্কচর্চাকে আরও সমৃদ্ধ ও অনুপ্রাণিত করবে।
বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ বিতর্কপ্রেমী শ্রোতাদের নির্ধারিত সময়ে অনুষ্ঠান দুটি শোনার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত